বিশেষ প্রতিনিধি
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পণ্য পরিবহন যানবাহনে (ট্রাক-কাভার্ডভ্যান) মাদক পরিবহন করলে মালিকানা বাতিলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে তারা বলেন, পণ্য পরিবহনশিল্প দেশের সমুদয় অর্থনীতি গতিশীল ও দেশের সামগ্রিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে; কিন্তু এই শিল্পে কিছু অসাধু ব্যবসায়ী এই পণ্য পরিবহন ব্যবসাকে কাজে লাগিয়ে অত্যন্ত সুকৌশলে সরকারের নিষিদ্ধ মাদক পরিবহন করছে। যা অত্যন্ত দুঃখজনক এবং আইনবিরোধী কার্যকলাপ। তারা তাদের গাড়িতে (ট্রাক বা কাভার্ডভ্যানে) বিশেষ কায়দায় মাদক পরিবহনে গোপন পকেট তৈরি করে থাকে (গাড়ির কেবিনে, বডিতে)। যা অত্যন্ত দুঃখজনক এবং আইনবিরোধী কার্যকলাপ। বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, প্রশাসন যখন মাদকবিরোধী অভিযানে তত্পর রয়েছে, অন্যদিকে কিছু অসাধু পরিবহন ব্যবসায়ী মাদক পরিবহনে দেশ ও যুবসমাজকে ধ্বংস করার পাঁয়তারা করছে। তাই যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের গাড়িতে মাদক পাওয়া যাবে সেসব গাড়ির মালিকানা বাতিল ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে এবং মাদক পরিবহন না করার জন্য সব পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি বিশেষ ভাবে অনুরোধ জানান। অপর দিকে আগামী ৩১ ডিসেম্বর (২০২০ সাল) পর্যন্ত জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্রের পুনরায় হালনাগাদ করার সুযোগ দেওয়ার কারণে নেতৃবৃন্দ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানান।
