চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবৈধ বসতি উচ্ছেদ অভিযান শুরু করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল বুধবার বায়েজিদ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের পাঁচ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট উচ্ছেদ অভিযান চালায়। এ ব্যাপারে চট্টগ্রামে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম ইত্তেফাককে বলেন, ‘বায়েজিদ এলাকায় সিডিএ নির্মিত সড়কের উভয় পাশে নির্মিত অবৈধ বসতিগুলো উচ্ছেদ করা হয়েছে। বন ও পরিবেশ রক্ষায় পাহাড়কে বাঁচিয়ে রাখতে হবে। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’
এদিকে চট্টগ্রামে পাহাড় রক্ষায় স্থায়ী ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পাহাড় দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবি জানিয়েছে পিপলস ভয়েস। গতকাল বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের সভাপতি শরীফ চৌহান ইতিমধ্যে আমরা জানতে পেরেছি, সরকারি খাস খতিয়ানভুক্ত পাহাড়ি জমি ব্যক্তি বিশেষ দখলে নিয়ে অন্যদের কাছে বিক্রিও করে দিয়েছে।
যারা এসব জমি কিনেছে, তারা প্রকাশ্যে দিবালোকে পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করছে। প্রশাসনের পক্ষ থেকে যে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে—তা কার্যকর করতে এবং পাহাড় রক্ষায় পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।
