করোনা উপসর্গ

আরো ২১ জনের মৃত্যু

আপডেট : ২৪ জুন ২০২০, ২২:৪২

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরো ২১ জন মারা গেছেন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে চার জন এবং বুধবার দুই জনের মৃত্যু হয়েছে। রামেক হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে মারা যান পাবনা সদরের শালগাড়ির আলতাফ হোসেন (৬২) ও নাটোর লালপুরের নওপাড়ার ওসমান মণ্ডলের স্ত্রী       আকলিমা বেগম (৭০)। বুধবার দুপুরে মারা যান রাজশাহীর বেলদারপাড়ার জিকরুল হক (৭২) ও নওগাঁর কাজির মোড়ের অনুকুল চন্দ্র প্রামাণিক (৫০)। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে জেলার দুর্গাপুরের বেলঘরিয়া উচ্চবিদ্যালয়ের গ্রন্থাগারিক কামাল হোসেন (৩৫) এবং একই এলাকার পান ব্যবসায়ী ইয়াদুল ইসলাম নিজ বাড়িতে মারা যান।

রামেক হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন

এদিকে রামেক হাসপাতালের প্যাথলজি ল্যাব লকডাউন করা হয়েছে। ফলে পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত ল্যাবটিতে কোনো পরীক্ষা-নিরীক্ষা হবে না। হাসপাতালের উপ-পরিচালক জানান, গত ২২ ও ২৩ জুন ল্যাবের দুই সহকারীর করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাই মঙ্গলবার রাতে ল্যাবটি লকডাউন ঘোষণা করা হয়েছে।

বান্দরবান পৌর ছাত্রদল সভাপতির মৃত্যু

বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে করোনা উপসর্গ নিয়ে পৌর ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন আলো (৩৫) বুধবার বিকালে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, জেলা সদরের আর্মী পাড়া এলাকার বাসিন্দা আলো গত তিন দিন ধরে জ্বর, শ্বাসকষ্ট, গায়ে ব্যথায় ভুগছিলেন। বুধবার বিকালে শ্বাসকষ্ট বেড়ে গেলে বান্দরবান সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আর্মী পাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছেন স্বাস্থ্যকর্মীরা।

মতলব দক্ষিণ (চাঁদপুর) সংবাদদাতা জানান, উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা গ্রামের মো. মিজান বকাউল (৫৫) করোনা উপসর্গ নিয়ে বুধবার সকালে মারা গেছেন। এর আগের দিন অর্থাত্ মঙ্গলবার রাত আড়াইটার দিকে একই বাড়ির বাচ্চু বকাউলের স্ত্রী মনি বেগম (৫০) মারা যান। এদিকে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মতলব দক্ষিণ উপজেলার বহরী গ্রামের বাসিন্দা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল বারেক বকাউল (৫৫) মারা গেছেন। বুধবার রাত তিনটার দিকে চিকিত্সার জন্য ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। একই অফিসের কর্মচারী (অফিস সহায়ক) রেদওয়ানুল কবির (৩৬) গত  সোমবার করোনা উপসর্গ নিয়ে মারা যান।

ভাণ্ডারিয়ায় সাবেক ইউপি সদস্যের করোনায় মৃত্যু সন্দেহ

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, ভাণ্ডারিয়ায় গত মঙ্গলবার রাতে উপজেলার ধাওয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের এক সাবেক ইউপি সদস্য মারা গেছেন। করোনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা জানান, করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক কামালউদ্দিন (৫৭) বুধবার সকালে ঢাকার মুগদা হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। মৃত কামালউদ্দিন রামগতি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শিক্ষাগ্রাম এলাকার মাহে আলমের ছেলে।

খুলনা অফিস জানায়, মঙ্গলবার রাতে খুলনা মেডিক্যালের করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন দুই জন। মৃতরা হলেন: দিঘলিয়া উপজেলার সেনহাটী গ্রামের মো. রফিকুল ইসলাম (৫০) ও কয়রা উপজেলার ঘুগরাকাঠি গ্রামের আব্দুল কাদের সানা (৫০)। হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মিজানুর রহমান জানান, করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে।

নরসিংদী প্রতিনিধি জানান, করোনা উপসর্গ নিয়ে নরসিংদী শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা মঞ্জু সাহা (৬৫) গতকাল বুধবার মারা গেছেন।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, সোমবার রাতে হাজীগঞ্জ উপজেলার ৫ নম্বর সদর ইউনিয়নের বাসিন্দা মো. ফজলুল হক হাওলাদার (৯০) করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা গেছেন।

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গৌরীপুরে করোনা উপসর্গ নিয়ে আমেনা খাতুন (৬৫) নামে এক নারী সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। তিনি উপজেলার বোকাইনগর ইউনিয়নের অষ্টগড় গ্রামের মৃত হেকমত আলীর স্ত্রী। করোনা পরীক্ষার জন্য তার দেহ থেকে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে আব্দুস ছাত্তার (৫৮) নামে একজন বুধবার দুপুরে মারা গেছেন।  তিনি উপজেলার হাটুরিয়া গ্রামের বাসিন্দা। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, করোনা উপসর্গ নিয়ে হাতিয়া হাসপাতালে চিকিত্সাধীন পবন চন্দ্র দাস (৪৫) মঙ্গলবার দিবাগত রাতে মারা গেছেন। তার বাড়ি হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায়। ওছখালী নিউমার্কেটের সামনে তার একটি পানবিড়ির দোকান ছিল। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রাতে মারা গেছেন ইমান আলী (৫২) নামে এক ব্যক্তি। তার বাড়ি তালা উপজেলার কুমিরা গ্রামে। তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।