ইউরোপের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকছে যুক্তরাষ্ট্রও

আপডেট : ২৪ জুন ২০২০, ২২:৪২

করোনা ভাইরাস মহামারির কারণে সীমান্ত বন্ধ রাখার পর আবার খুলে দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। তবে মার্কিন নাগরিকরা সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারবেন না। এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট। খবর বিবিসির

ব্রাসেলস থেকে ইঙ্গিতই পাওয়া যাচ্ছে, কেবল যুক্তরাষ্ট্রই নয়, ব্রাজিল, রাশিয়া এবং আরো কিছু দেশ নিষিদ্ধের তালিকায় থাকতে পারে। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত আগামী পহেলা জুলাই বাইরের দেশের নাগরিকদের জন্য খুলে দেওয়া হবে কী না, সেটা নিয়ে আলোচনার জন্য ২৭টি সদস্য দেশের রাষ্ট্রদূতরা বৈঠক করছেন। যেসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে না দেওয়া হতে পারে তার একটি হচ্ছে যুক্তরাষ্ট্র। ইউরোপীয় ইউনিয়নের অনেক সদস্য দেশ চায় পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিতে। কিন্তু অন্যদেশগুলো আবার করোনা ভাইরাস নিয়ে উদ্বিগ্ন। করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের দিক থেকে যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত শীর্ষে। কাজেই এমন সম্ভাবনা বেশি যে যুক্তরাষ্ট্র থেকে আসা যাত্রীদের ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে দেওয়া হবে না।