রাজধানীর গুলিস্তানে চাঁদার দাবিতে উত্সব পরিবহনের বাস কাউন্টার ভাঙচুর ও ক্যাশ বাক্স লুটের ঘটনায় পরিবহন মালিক শ্রমিক সমিতির ব্যানারে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। সমাবেশে শ্রমিকেরা অবিলম্বে কাউন্টার হামলা ও ক্যাশ বাক্স লুটকারী স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের ক্যাডারদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
গত সোমবার বিকালে গুলিস্তানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী উত্সব পরিবহনের কাউন্টারে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ভাঙচুর ও ক্যাশবাক্স লুট করে। উত্সব কাউন্টারের কর্মকর্তা কাজল অভিযোগ করেন, ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ক্যাডার বাহিনী হামলা চালায়। পরে তারা সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের কাছে অভিযোগ দেন।
হামলার দুই দিন পর এ ব্যাপারে কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল বুধবার বিকালে পরিবহন শ্রমিকরা গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। সমাবেশে শ্রমিক নেতা মোহাম্মদ মাছুম বলেন, আমরা চাই, শান্তি মতো গুলিস্তান এলাকায় পরিবহন ব্যবসা করতে। এখানে স্থানীয় কাউন্সিলরের ক্যাডার বাহিনী কাউন্টার থেকে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে তারা হামলা চালায়।
