কসবায় দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ২৫ জুন ২০২০, ০০:২৮

কসবায় সোনিয়া ও সুমাইয়া নামে দুই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রেমিক হিসেবে নাম আসা রুবেল নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ১৭ জুন কসবার কুটি ইউনিয়নের পোস্ট অফিসের সিঁড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করে কসবা থানা পুলিশ। কুটি গ্রামের বাবুল মিয়ার মেয়ে সুমাইয়া (১৪) ও একই গ্রামের বিল্লালের মিয়ার মেয়ে সোনিয়া (১৩)। এদিকে পরিবারের দাবি, হত্যা করা হয়েছে দুই কিশোরীকে। তবে ফাঁস লাগিয়ে দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদ্ঘাটিত হয়নি এখনো।

জানা যায়, ঐদিন দুপুরে সোনিয়া ও সুমাইয়া ঘর থেকে বের হয়। পরে স্থানীয় পোস্ট অফিসের ছাদে উঠার সিঁড়িতে তাদের মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে বলে খবর পান পরিবারের লোকজন। ঐ সিঁড়ির সপ্তম ধাপে একজন এবং নবম ধাপে আরেক জনের নিথর দেহ ঝুলছিল। খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়

সোনিয়ার বাবা রিকশাচালক বাবুল মিয়া ও মা নার্গিস বেগম জানান, সোনিয়া ও সুমাইয়া ফাঁসি দিয়েছে এমন কোনো আলামত বোঝা যায়নি। তাদেরকে হত্যা করা হয়েছে। সুমাইয়ার মা মিনু বেগম বলেন, আমার মেয়ে খারাপ ছিল না। তবে এলাকার অনেকে জানিয়েছেন প্রেমের সম্পর্কের জেরে এমন ঘটনা ঘটতে পারে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, লোহার সিঁড়ির সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দুই কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা হচ্ছে। এ ঘটনায় রুবেল নামে এক ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।