যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের জন্য এক লাখ পঁচাত্তর হাজারেরও বেশি ব্যক্তিগত দাতাদের কাছ থেকে রেকর্ড পরিমাণ চাঁদা ৭৬ লাখ ডলার (৬৪ কোটি ৪৮ লাখ টাকার বেশি) সংগ্রহ করেছেন। ওবামা ভার্চুয়াল তহবিল সংগ্রহের সময় বলেন, আমি এ কথাই বলতে চাই যে আমরা যদি কাজ করি, তা হলে সাহায্য কোনো ব্যাপার নয়। তিনি বলেন এ দেশের ক্ষত উপশমের জন্য এবং দেশটিকে সঠিক পথে আবার নিয়ে আসতে আমি আমার বন্ধু জো বাইডেন ছাড়া আর কারো উপর আস্থা রাখতে পারছি না। খবর ভয়েস অব আমেরিকার
মঙ্গলবারের এই চাঁদা সংগ্রহের ঘটনায় বোঝা যাচ্ছে ওবামা তার জনপ্রিয়তাকে তার সাবেক ভাইস প্রেসিডেন্টের জন্য কিভাবে ব্যবহার করছেন। ওবামার টিম বলছে, এটি সূচনা কেবল এবং তারা শরত্কাল ধরে এই প্রক্রিয়া চালিয়ে যাবেন। ওবামা কেবল যে বাইডেনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে সাহায্য করতে চান তাই নয়, তিনি প্রতিনিধি পরিষদ এবং সিনেটে ডেমোক্র্যাট প্রার্থীদেরও সাহায্য করতে চান। ডেমোক্রাটরা বিশ্বাস করেন ওবামার আবেদন বিশেষ করে কৃষাঙ্গ এবং তরুণ ভোটারদের মধ্যে বাইডেনের জন্য শক্তি জোগাবে। এপ্রিলেই এক ভিডিও বার্তায় ওবামা বাইডেনের প্রতি তার সমর্থন জানান। মিনিয়াপলিসে জর্জ ফ্লয়েডের হত্যার পর ওবামা পুলিশ এবং নাগরিক অসন্তোষ সম্পর্কে খোলামেলা বক্তব্য রেখেছেন। কোনো কোনো ডেমোক্র্যাট বলছেন, ফ্লয়েড হত্যার প্রেক্ষিতে বাইডেনের পক্ষে ওবামার সমর্থনের প্রয়োজন আছে।
