এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি তার ভক্তদের ছেড়ে পরপারে চলে গেছেন ৪ বছর আগে। মৃত্যুর এত বছর পেরিয়ে গেলেও সকলের মনে আজও অমলিন রয়েছেন তিনি। এবার নতুন খবরে শিরোনামে এলেন এই প্রয়াত অভিনেত্রী। মৃত্যুর ৪ বছর পর মুক্তি পেতে যাচ্ছে দিতির শেষ ছবি। জানা গেছে, সেন্সরে যাচ্ছে অভিনেত্রী দিতি অভিনীত ছবি ‘এ দেশ তোমার আমার’। চলচ্চিত্র পরিচালক এফ আই মানিক পরিচালিত এই ছবিটি আগামী সপ্তাহে সেন্সরে জমা দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন পরিচালক। এ সম্পর্কে এফ আই মানিক বলেন, ‘৪ বছর হলো দিতি আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন। মৃত্যুর আগে তিনি আমার এ দেশ তোমার আমার ছবিটিতে অভিনয় করেছেন। তিনি চলে যাওয়ার পর অনেকদিন অতিবাহিত হলেও নানা কারণে ছবিটি শেষ করা সম্ভব হয়নি। তবে এবার ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে। আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দেওয়ার ইচ্ছে আছে আমাদের।’
দিতির মৃত্যুর অনেকদিন পেরিয়ে গেলেও ছবিটি মুক্তি দিতে পারেননি নির্মাতা। এর কারণ হিসেবে নির্মাতা বলেন, ‘ছবিটির শুটিং দিতি মারা যাওয়ার কিছুদিন আগেই শেষ করেছি। সেসময় ছবিটি ৩৫ মিলিমিটারে শুট করা হয়েছিল। পরে সেটি ট্রান্সফার করে ডিজিটাল করা হয়েছে। দিতির সঙ্গে ছবিটিতে ডিপজল অভিনয় করেছেন। মাঝখানে ডিপজলও অসুস্থ হয়ে পড়ায় ছবির কাজ শেষ করতে বিলম্ভ হয়েছে। বলতে পারেন নানা প্রতিকূলতা পেরিয়ে ছবিটি মুক্তি দিতে হচ্ছে।’
২০১৬ সালের ২০ মার্চ না ফেরার দেশে পাড়ি জমান দিতি। ১৯৮৪ সালে নতুন মুখের সন্ধানের মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন দিতি। উদয়ন চৌধুরী পরিচালিত ‘ডাক দিয়ে যাই’ ছবির মাধ্যমে তার অভিষেক হয়। কিন্তু শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি। দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’। এরপর একে এক দিতি দুই শতাধিক ছবিতে অভিনয় করেছেন। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী স্ত্রী’ ছবিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ সাফল্যের ঝুড়িতে যোগ করেন একাধিক পুরস্কার।
