ক্রিশ্চিয়ানো রোনালদো যাওয়ার পর থেকে নিয়মিত পেনাল্টি নিচ্ছিলেন, গোল করছিলেন সার্জিও রামোস। বুধবার রাতে মায়োর্কার বিপক্ষে নিলেন ফ্রি কিকও। তাতে গোল করে মেটালেন দলের ৫২৮ দিনের ফ্রি কিক খরা। তাতে দল পেল ২-০ গোলে জয়, উঠে এলো তালিকার শীর্ষে। রামোসের এমন পারফরম্যান্সের পর অধিনায়কের ভূয়সী প্রশংসাই করেছেন কোচ জিনেদিন জিদান।
১৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া রিয়াল ব্যবধান বাড়ায় ৫৫ মিনিটে। ডি-বক্সের একটু সামনে পাওয়া ফ্রি কিক থেকে গোলটি করেন রিয়াল অধিনায়ক রামোস। এর ফলে ৫২৮ দিন পর ফ্রি কিকে গোলের দেখা পায় রিয়াল। শেষবার দলটি ফ্রি কিকে গোল পেয়েছিল গেল বছরের জানুয়ারিতে, দানি সেবায়োস গোলটি করেছিলেন রিয়াল বেতিসের বিপক্ষে। ২-০ ব্যবধানের জয় নিয়ে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে বার্সার সঙ্গে পয়েন্টে সমতা থাকলেও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থেকে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে রিয়াল।
