অ্যাশেজ নিয়ে এখনো মানুষের রোমাঞ্চ কমেনি। তবে অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন বলছেন, ভারত-অস্ট্রেলিয়ার গাভাস্কার-বোর্ডার সিরিজও এখন অ্যাশেজের মতোই আকর্ষণীয়। অস্ট্রেলিয়ার ইতিহাসে টেস্টে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি লায়ন জানান, ভারতের বিপক্ষে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি, ‘এটি অ্যাশেজের মতো শীর্ষ সিরিজ হয়ে উঠছে। তাদের দল তারকা ক্রিকেটারে ভরা। অস্ট্রেলিয়ান গ্রীষ্মে তারা যখন এখানে আসবে দারুণ একটি চ্যালেঞ্জিং সিরিজ হবে।’ ২০১১ সালে টেস্ট অভিষেকের পর থেকে এই সংস্করণে ৯৬ ম্যাচে ৩৯০ উইকেট নিয়েছেন লায়ন। ভারতের বিপক্ষে দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট তার। ২০১৮ সালের সিরিজেও নেন ২১ উইকেট।
