করোনা ভাইরাস মোকাবিলায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১ হাজার সেনা পাঠানো হচ্ছে। দেশটির সেনাবাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে। মেলবোর্নে দ্বিতীয় দফায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে সেখানে ১৫০ নতুন রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডস বলেছেন, আগামী কয়েক দিনে ভিক্টোরিয়ায় খুব দ্রুতই ১ হাজার সেনা মোতায়েন করা হচ্ছে। তিনি বলেন, প্রায় ৮৫০ জন সেনা বিদেশ থেকে আসা ভ্রমণকারীদের হোটেল কোয়ারেন্টাইনে থাকা দেখভাল করবে। বাকি প্রায় ২০০ সৈন্য অন্যান্য আনুষঙ্গিক ও চিকিত্সা সহায়তা দেবে। অস্ট্রেলিয়ায় আড়াই কোটি জনসংখ্যার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা গতকাল অবধি ছিল ৭ হাজার ৫০০ জন এবং মৃতের সংখ্যা ১০৩ জন। অস্ট্রেলিয়া খুব সাফল্যের সঙ্গে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করেছিল। কিন্তু নতুন সংক্রমণ দেশটিকে উদ্বেগে ফেলে দিয়েছে। দেশটিতে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণের সংখ্যা বিশ্বের অন্য অনেক দেশের তুলনায় যথেষ্ট কম হলেও, তা মোকাবিলায় উল্লেখযোগ্য সংখ্যক সেনা মোতায়েনকে নজিরবিহীন মনে করা হচ্ছে।
