গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর অংশ

কার্পেটিং উঠে গিয়ে যান চলাচল ব্যাহত!

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৩৮

ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের গোয়ালন্দ-তারাইল সড়কের সদরপুর অংশের শৌলডুবি মজুমদার বাজার এলাকার প্রায় ২ কিলোমিটার সড়কের কার্পেটিং-এর বিটুমিন উঠে গিয়ে খানাখন্দের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলে হাঁটু পানি জমে যায় কোথাও কোথাও। ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। ঘটছে দুর্ঘটনা। বিধ্বস্ত সড়কটি জরুরি ভিত্তিতে মেরামতের জন্য ফরিদপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।

জানা গেছে, পদ্মা সেতু নির্মাণের পূর্বে সড়ক ও জনপথের ফরিদপুর-সদরপুর-তারাইল সড়কটি পদ্মা সেতুর সংযোগ সড়ক হিসেবে নির্ধারণ করা হয়। সড়কটি  উন্নয়নকালে প্রশস্ত করা হলেও উক্ত এলাকার ২ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হয়নি। পরবর্তীতে  সড়কটির ঐ অংশে খানাখন্দ হয়ে নষ্ট হয়ে গেলে ফরিদপুর জেলা প্রশাসক এলজিইডির বরাদ্দে জরুরি ভিত্তিতে মেরামত করে দেয়। বর্তমানে উক্ত অংশের সড়কের বিটুমিন পুনারায় উঠে গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, গত ছয় মাস যাবত্ রাস্তা খোঁড়াখুঁড়ি হচ্ছে। ঠিকাদারের কাজের কোনো গতি নেই। যার ফলে জনগণ দুর্ভোগ পোহাচ্ছে। তারা সড়কটি জরুরি ভিত্তিতে উন্নয়নের কাজ সমাপ্ত করার জন্য ফরিদপুর জেলা প্রশাসক ও সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল বারি জানান, ঐ স্থানে সড়কের উন্নয়ন কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত হবে বলে আশা করছি।