বজ্রপাত থেকে কৃষকদের রক্ষা করতে দামুড়হুদা উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তাদের উদ্যোগে ‘বজ্র প্রতিরোধ সেন্টার’ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে এটি বাস্তবায়ন হলে দুর্যোগকালীন সময়ে মাঠে কর্মরত চাষিরা সুফল ভোগ করবে। উপজেলা কৃষিবিদ ও কৃষি কর্মকর্তা মো. মনিরুজামান জানান, মূলত মাস দুয়েক আগে উপজেলার চাকুলিয়া গ্রামের নান্নু মিয়াসহ বেশ কয়েক জন চাষি মাঠে কর্মরত অবস্থায় বজ্রাঘাতে মারা যাওয়ার পর থেকে এ পরিকল্পনা গ্রহণ করা হয়। ইতিমধ্যে উপজেলার গ্রামীণ জনপদের ছুটিপুর, জয়রামপুর, কুড়ুলগাছি, হৈবতপুর ও নাপিতখালী মাঠে বজ্র প্রতিরোধ সেন্টার নির্মাণের কাজ চলমান রয়েছে। সেন্টারের এক কিলোমিটারের মধ্যে এটি কাজ করবে। উপজেলার নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল হক বলেন, বজ্র প্রতিরোধে সেন্টার তৈরির পরিকল্পনাকে এলাকার চাষি ও সাধারণ মানুষ সাধুবাদ জানিয়েছেন। প্রতিটি ইউনিয়নে এটি বাস্তবায়ন হলে মাঠে কর্মরত চাষিরা দুর্যোগকালীন সময়ে এর সুফল ভোগ করতে পারবে।
