তালায় গর্ভবতী নারীদের চিকিত্সায় সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্প

আপডেট : ২৫ জুন ২০২০, ২১:৫০

করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে চিকিত্সাসেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গর্ভবতী নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ওষুধ ও ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন। বুধবার উপজেলায় জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া এর নির্দেশনায় গর্ভবতী নারীদের জন্য অস্থায়ী এক মেডিক্যাল ক্যাম্পেইনে ১৮৮ জন গর্ভবতী নারীকে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

ক্যাম্পেইন পরিচালনাকারী যশোর সেনানিবাসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে যেসব গর্ভবতী মায়েরা বর্তমানে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের আতঙ্ক ও দরিদ্রতার কারণে ডাক্তার দেখাতে হাসপাতালে আসতে পারছেন না, তাদের জন্য এ বিশেষ ক্যাম্পেইনটি পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী।