মধ্যবিত্ত পরিবারে নীরব হাহাকার

আপডেট : ২৫ জুন ২০২০, ২২:২৮

মধ্যবিত্তের জীবন মানে হিসাব করে বেঁচে থাকা। জীবন কিংবা জীবিকা তাদের চলার পথে নিত্য সঙ্গী—অঙ্ক কষে তার একটি চিত্র দাঁড় করানো। প্রতিটি ধাপে তাদের জীবনকে গুছিয়ে রাখে ব্রেনের ক্যালকুলেটরের হিসাব। অন্যভাবে বলা যায়, জীবনভর জাঁতাকলে পিষ্ট মানুষই মধ্যবিত্ত। যার সীমা অতিক্রম করার কোনো সুযোগ নেই, সীমাবদ্ধ থেকেও তাকে বেঁচে থাকার আশা জোগাতে হয়। প্রতি মাসে কিছু হিসাবের টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয়। আজ করোনা মহামারি তাদের সেই হিসাবি জীবনটাকেও অজানা গন্তব্যে দাঁড় করিয়ে দিয়েছে। হিসাবি মানুষগুলোর জীবনে মানিয়ে নেওয়া সেই জায়গাগুলোও হারাতে বসেছে।  আজ কেউ চাকরিচ্যুত হয়ে হেরে যাচ্ছে তাদের জীবনযুদ্ধে, আবার কেউ দ্রব্যমূল্য, বাসাভাড়া, সন্তানের পড়াশোনা সবকিছু সামলে নিতে হিমশিম খাচ্ছে। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণি না পারে কোথাও প্রকাশ করতে, না পারে লোকচক্ষুর লজ্জাবোধ কাটিয়ে কারো সাহায্য নিতে। সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত সম্মানটাও তাদের আটকে দেয়। অনেকে দীর্ঘজীবনের বসবাসের শহর ছেড়ে গ্রামে ফিরছে কিছুটা কষ্ট লাঘব হবে—এই আশায়। পরিস্থিতি আজ তাদের দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার মুখে। এ থেকে উত্তরণের উপায় কী?

কাব্য সাহা

শিক্ষার্থী, ফার্মেসি বিভাগ,

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা