করোনার উপসর্গে শিক্ষকসহ আরো ১১ জনের মৃত্যু

আপডেট : ২৫ জুন ২০২০, ২২:৫৯

মহামারি করোনার উপসর্গ জ্বর, গলাব্যথা, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে গতকাল বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাস পরীক্ষার জন্য মৃতদের  নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে এদের দাফন করা হয়েছে। খবর ইত্তেফাকের ব্যুরো, জেলা প্রতিনিধি ও উপজেলা সংবাদদাতাদের।

করোনার উপসর্গে খুলনা জিলা স্কুলের শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌসসহ (৪০) পাঁচ জনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। অপর চার জন হলেন খুলনা মহানগরীর জোড়াগেট এলাকার সরোয়ার হোসেন (৫০), টুটুপাড়া শঙ্করপাড়া রোডের মুজিবুর রহমান (৬২), বাগমারা এলাকার হারুন শেখ (৫৫) ও রায়েরমহলের আবু বক্কর সিদ্দিকের ছেলে বাবু (৪৫)। আরএমও ও করোনা ওয়ার্ডের মুখপাত্র ডা. মিজানুর রহমান এ তথ্য জানান। বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে (শেবাচিম) হাসপাতালে আরো দুই জনের মৃত্যু হয়েছে। এরা হলেন ইদ্রিস হাওলাদার (৭৫)। তিনি পটুয়াখালী সদরের দুলবাক এলাকার বাসিন্দা। অপর জন হলেন বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর এলাকার মজিবর রহমান (৭০)। এ নিয়ে এই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে অর্ধশত মারা গেল। ছাগলনাইয়ায় মারা গেছেন কেজি স্কুলের শিক্ষক আবদুল মোমিন পাটোয়ারী। শ্বাসকষ্ট নিয়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার মো. নাছির উদ্দিন (৪৯) নামে এক জনের মৃত্যু হয়েছে। গতকাল চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি মারা যান। চাঁদপুরের হাজীগঞ্জে বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের শামছুন নাহার (২৭) ও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের  বিলকিছ বেগম (৫৫) মারা গেছেন।