ফরিদপুরে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বরকত-রুবেল ফের তিন দিনের রিমান্ডে

আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:০২

ফরিদপুরে দুটি পৃথক মামলায় শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ওরফে বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের অব্যাহতিপ্রাপ্ত সভাপতি ইমতিয়াজ হাসান ওরফে রুবেলের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গতকাল বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতের বিচারিক হাকিম মোহাম্মাদ ফারুক হোসাইন রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই ভাইয়ের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন ।

গত বৃহস্পতিবার ওই দুই ভাইয়ের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় সাজ্জাদ ও ইমতিয়াজকে চার দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। ওই রিমান্ডের মেয়াদ শেষ হওয়ার পর গতকাল বিকালে তাদের আদালতে হাজির করে               দুটি মামলায় পৃথকভাবে দুই জনের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এ রিমান্ড শুনানির আগে সাজ্জাদ হোসেন বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় অপরাধ স্বীকার করে একই আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে ইমতিয়াজ হাসান রুবেল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি।

সাজ্জাদ হোসেনের রিমান্ড মঞ্জুর হয়েছে সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুল আলমের ওপর হামলা ও চাঁদাবাজির মামলায়। অপরদিকে ইমতিয়াজ হাসানের রিমান্ড মঞ্জুর হয়েছে তার সহযোগী রেজাউল করিমের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায়। ওই মামলার বাদী ফরিদপুর গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক মো. জব্বার।

গত ৭ জুন রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার আসামি হিসেবে শহরের বদরপুরসহ বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে পুলিশ বরকত, রুবেল ও রেজাউল করিম, কাউন্সিলর মামুনসহ মোট নয় জনকে গ্রেপ্তার করে।