পিরোজপুরে দালাল চক্রের খপ্পরে পড়ে অপচিকিত্সায় প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:১৭

পিরোজপুরে হাসপাতালের কিছু কর্মচারীর সমন্বয়ে গঠিত একটি দালাল চক্রের খপ্পড়ে পড়ে অপচিকিত্সায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আলী হাসান লিয়ন ও আলী ইমাম অন্তু নামের দুই ভাইকে আটক করেছে। নিহত তুষার শেখ পৌরসভার ঝাটকাঠি এলাকার সোহাগ শেখের ছেলে এবং পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।

নিহতের চাচা মো. হিরণ শেখ জানান, বুধবার বিকালে বন্ধুদের নিয়ে শহরতলীর মুক্তারকাঠী এলাকায় বলেশ্বর নদী পাড়ে ঘুরতে যায় তুষার। এসময় একটি অটোরিকশা উলটে তুষারের ওপর পড়লে তার ডান পা ভেঙে যায়। স্বজনরা তাকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য রেফার করেন। এরপর রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে খুলনার উদ্দেশ্যে যাওয়ার পথে শহরের অবকাশ মোড় এলাকায় অ্যাম্বুলেন্সটি থামিয়ে দেয় চালক কবির হোসেন। সঙ্গে সঙ্গে সেখানে হাজির হয় সদর হাসপাতালের ফার্মাসিস্ট সচিন রায়, ৪র্থ শ্রেণির কর্মচারী মাজেদুল ইসলাম ও মনির হোসেনসহ আরো কয়েকজন। করোনা ভাইরাস সংক্রমণের ভয়ভীতি দেখিয়ে তারা তুষারকে স্থানীয়ভাবে চিকিত্সা দেওয়ার জন্য পীড়াপীড়ি শুরু করে। তাদের কথায় আশ্বস্ত হয়ে তুষারের স্বজনরা ৩০ হাজার টাকা চুক্তিতে চিকিত্সা করাতে রাজি হয়। এরপর সেখান থেকে তুষারকে পিরোজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মৃত আব্দুস সালাম মধুর বাড়ির বৈঠকখানায় নিয়ে সেখানে তার চিকিত্সার ব্যবস্থা করে সচিনের নেতৃত্বে ছয়-সাত জনের তথাকথিত মেডিক্যাল টিম। এরপর তুষারকে অনেক ইনজেকশন দেওয়া হয়। পরবর্তীতে রাত ১২টার দিকে জানানো হয় জরুরি ভিত্তিতে তুষারকে অক্সিজেন দেওয়া দরকার। তারা তুষারকে একটি অটোরিকশায় তুলে তড়িঘড়ি করে পুনরায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এরপর সেখান থেকে সটকে পড়ে ঐ দালাল চক্রটি। সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নিজাম উদ্দিন জানান, অপচিকিত্সার সঙ্গে হাসপাতালের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল বলেন, ভুয়া চিকিত্সায় এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতালে যাই। ঐ ঘটনার সঙ্গে জড়িত ভুয়া ডাক্তার দুই সহোদরকে আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।