কুমিল্লায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ সিআইডি পুলিশ পরিদর্শক শহিদুর রহমান ও রাকিবুল হাসান নামে টুরিস্ট পুলিশের এক সাব-ইন্সপেক্টরসহ (এসআই) পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার গভীর রাতে র্যাব-১ উত্তরা-ঢাকার একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ঐ প্রাইভেট কারের আরোহী মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার বালাসুর গ্রামের আরিফুল ইসলাম, ঢাকার উত্তরা ১৪ নম্বর সেক্টরের বাসা নম্বর ৬০-এর জামাল হোসেন, রাজশাহীর বাঘা থানার বাদুভাঙ্গা গ্রামের শাহ আলম, সিরাজগঞ্জের উল্লাপাড়ার বনামালী গ্রামের রাকিবুল হাসান, মাদারীপুরের কালকিনি উপজেলার পশ্চিম শিকাড়মঙ্গল গ্রামের শহিদুর রহমান।
র্যাব-১ সূত্র এবং মামলার বিবরণ থেকে জানা গেছে, র্যাবের একটি দল দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় ঢাকামুখী একটি প্রাইভেট কার আটক করে তল্লাশি চালায়। এ সময় র্যাব ঐ প্রাইভেট কার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও ৯টি মোবাইল ফোন জব্দ এবং পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় র্যাব সদস্য মুজিবুর রহমান বাদী হয়ে দাউদকান্দি মডেল থানায় মামলা করেছেন। মামলার বাদী সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতদের মধ্যে শহিদুর রহমান ময়মনসিংহ জেলা সিআইডির পুলিশ পরিদর্শক ও রাকিবুল হাসান গাজীপুরের টঙ্গী টুরিস্ট পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
