ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, গরুর হাট পরিচালনায় এবার ইজারার বরাদ্দপত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সব ধরনের নির্দেশনা দেওয়া হবে। হাট পরিচালনা বা এর সঙ্গে সংশ্লিষ্ট কেউ সে নির্দেশনা ভঙ্গ করলে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নেব। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলামের সঙ্গে পশুর হাট ব্যবস্থাপনাবিষয়ক এক ভিডিও কনফারেন্সে অংশ নিয়ে ডিএসসিসি মেয়র এ কথা বলেন।
ডিএসসিসি মেয়র এ সময় স্থানীয় সরকার বিভাগের মন্ত্রীকে বলেন, করোনা মহামারি বিবেচনায় নিয়ে এবার গরুর হাটে যাতে স্বাস্থ্যবিধি মানা হয়, সেটা নিশ্চিত করতে ইতিমধ্যে আমরা ব্যবস্থাপনা কমিটি করে দিয়েছি। যে কয়দিন হাট চলবে, কমিটি সার্বক্ষণিকভাবে সেসব হাট তদারকি করবে, যাতে করোনা বিস্তৃতি লাভ করতে না পারে। এছাড়া স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
ডিএসসিসি মেয়র তাপস আরো জানান, অস্থায়ী এসব গরুর হাট তিন থেকে পাঁচ দিনের জন্য অনুমোদন দেওয়া হবে। এ সময় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. এমদাদুল হক, করপোরেশনের সচিব আকরামুজ্জামান উপস্থিত ছিলেন।
