সাভারে ফুড পান্ডায় অর্ডারে মিলছে পচা-বাসি ও নিম্নমানের খাবার!

আপডেট : ২৫ জুন ২০২০, ২৩:৩৯

সাভারে অনলাইনভিত্তিক অ্যাপ ফুড পান্ডার মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন ভোক্তারা। হোম ডেলিভেরির নামে বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্ট থেকে মানুষকে সরবরাহ করা হচ্ছে বাসি, পচা ও নিম্নমানের খাদ্যসামগ্রী। ফুড পান্ডার মাধ্যমে বিভিন্ন লোভনীয় ডিসকাউন্টের অফার দিয়ে ভোক্তাদের প্ররোচিত করে হোটেল ও রেস্টুেরেন্ট ব্যবসায়ীরা এসব মানহীন ও অস্বাস্থ্যকর খাবারের ব্যবসা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার বিষয়টি জানিয়ে অনেকেই ফেসবুকে তাদের অভিযোগ তুলে ধরেছেন।

জানা গেছে, গত বছরের শেষের দিকে ফুড পান্ডা সাভারে তাদের কার্যক্রম শুরু করে। এ অ্যাপের মাধ্যমে ভোক্তারা তাদের পছন্দের হোটেল ও রেস্টুরেন্ট থেকে নির্ধারিত মূল্যে বা নির্দিষ্ট পরিমাণ ডিসকাউন্টে খাবার অর্ডার করলে ঐ হোটেল থেকে খাবার সংগ্রহ করে ফ্রিতে হোম ডেলিভারি দেন ফুড পান্ডার রাইডাররা। অভিযোগ রয়েছে, ‘অ্যাপের মাধ্যমে ৩০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট নিয়ে ক্রয় করা খাবারের পরিমাণ কম থাকে। খাবারের কোনো মানও থাকে না। এছাড়া ফুড পান্ডায় হোটেল-রেস্টুরেন্টের নিবন্ধনের ক্ষেত্রে কোনো মানদণ্ড মানা হচ্ছে না। ফুটপাতের অস্বাস্থ্যকর খাবারের দোকানসহ মানহীন হোটেলকেও এই অ্যাপে তালিকাভুক্ত করা হয়েছে। ফুড পান্ডা অ্যাপ ব্যবহারকারী পৌর এলাকার তালবাগের বাসিন্দা অনিক হাসান জানান, ‘মানহীন খাবারের কারণে ভোক্তারা প্রতারণার শিকার হচ্ছে।’ সাভার উপজেলা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ জানান, ‘এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা ও ভোক্তা আইনে ব্যবস্থা নেওয়া হবে।’