এলিট ফোর্স র্যাবের আইন ও গণমাধ্যম শাখার নতুন পরিচালক হিসেবে র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাহিনীটির মহাপরিচালক আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক আদেশে এ রদবদল করা হয়। বর্তমান পরিচালক লে. কর্নেল সরোয়ার বিন কাশেম গোয়েন্দা শাখার দায়িত্ব পালন করবেন। গতকাল বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি সুজয় সরকার। তিনি জানান, দুই দিন আগে রদবদলের আদেশ হয়। আগামী সপ্তাহে গণমাধ্যম শাখার নতুন পরিচালক দায়িত্ব পালন শুরু করবেন বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, গত বছরের ৫ সেপ্টেম্বর সরোয়ার বিন কাশেমকে আইন ও গণমাধ্যম শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
