প্রশিক্ষণ, কর্মসংস্থান ও আইনি স্বীকৃতির মাধ্যমে গৃহশ্রমিকদের সামাজিক মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে তাদের সামাজিক সুরক্ষা জোরদার করার জন্য নীতি নির্ধারক ও সরকারের প্রতি দাবি জানিয়েছেন ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ, মানবাধিকার, উন্নয়ন সংগঠনের প্রতিনিধিরা।
গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস-২০২০ উপলক্ষ্যে সুনীতি প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনলাইন সেমিনারে বক্তারা এ দাবি জানান। এতে সহযোগিতা করে দৈনিক সমকাল।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, গৃহশ্রমিক নীতিমালার পূর্ণাঙ্গ বাস্তবায়ন প্রয়োজন। এটি বাস্তবায়ন করতে না পারলে গৃহশ্রমিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা সম্ভব নয়।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামসুন্নাহার ভুঁইয়া বলেন, করোনায় দেশের ৮৫ শতাংশ শ্রমিক কর্মহীন। সরকারি সামাজিক নিরাপত্তা তহবিল বৃদ্ধি করে গৃহশ্রমিকদের তার আওতায় আনা জরুরি।
অক্সফ্যাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত বলেন, কোভিড-১৯ এ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শ্রমজীবী মানুষ। এর মধ্যে গৃহশ্রমিক অন্যতম। তিনি বলেন, গ্রামীন জনগোষ্ঠির অংশ গৃহশ্রমিকরা কাজের উদ্দেশ্যে শহরে আসে কিন্তু করোনা তাদের শহর থেকে বিতাড়িত করেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তাফিজ আহমেদ বলেন, গৃহশ্রমিকদের একটি সুনির্দিষ্ট ডাটাবেজ থাকা দরকার। শতকরা ৯৫ ভাগ গৃহশ্রমিক কাজে যেতে পারছে না উল্লখ করে তিনি আরো বলেন, এমনিতেই গৃহশ্রমিকরা সুরক্ষিত নয়, তার ওপর করোনা তাদের আরো ঝুঁকির মুখে ফেলেছে।
গৃহশ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের ভারপ্রাপ্ত সমন্বয়কারী আবুল হোসাইন বলেন, গৃহশ্রমিকরা কাজ হারিয়ে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন। গৃহশ্রমিকদের অধিকার বিষয়ে বেশি বেশি প্রচার প্রচারণা চালাতে হবে উল্লেখ করে সুনীতি প্রকল্পের ব্র্যান্ড অ্যাম্বাসেডর দীপা খন্দকার বলেন, অনেক নিয়োগকারী জানেন না গৃহশ্রমিকদের প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্য।
সারা বিশ্বে প্রতি বছর ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত হয়ে থাকে। এ বছর দিবসটি পালনের অংশ হিসেবে বিল্স, গণস্বাক্ষরতা অভিযান, হ্যালোটাস্ক, নারী মৈত্রী, রেড অরেঞ্জ লিমিটেড ও ইউসেপ বাংলাদেশ যৌথভাবে অক্সফ্যাম বাংলাদেশের সহযোগিতায় ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে সুনীতি প্রকল্পের উদ্যোগে এই অনলাইন আলোচনার আয়োজন করে।
বিল্স চেয়ারম্যান মো. হাবিবুর রহমান সিরাজের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর যুগ্ম সমন্বয়কারী নাইমুল আহসান জুয়েল, লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আব্দুল হান্নান, নারী মৈত্রীর নির্বাহী পরিচালক শাহীন আক্তার ডলি, হ্যালোটাস্ক এর সিইও মাহমুদুল হাসান লিখন, ইউসেপ বাংলাদেশের প্রকল্প পরিচালক শেখ রওশন আমিন, রেড অরেঞ্জ লিমিটেড এর হেড অব প্রোগ্রাম নাকীব রাজীব আহমেদ প্রমুখ।
