ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক (ডিজি) সামীম মোহাম্মদ আফজাল আর নেই। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি এক ছেলে ও এক মেয়ে জনক। সামীম মোহাম্মদ আফজাল প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত ছিলেন। এর আগে সিঙ্গাপুরে তিনি চিকিত্সা করিয়েছেন।
২০০৯ সালে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে নিযুক্ত হন। এই পদে থাকা অবস্থায় ১৯ এপ্রিল ২০১৮ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনেরও চেয়ারম্যান করা হয় সামীম মোহাম্মদ আফজালকে। ২০১৮ সালের ৪ আগস্ট সামীম মোহাম্মদ আফজালের একমাত্র পুত্র আফজালুর রশিদ অনিক (২৫) নগরীর মোহাম্মদপুরস্থ বাসায় ইন্তেকাল করেন।
প্রসঙ্গত, নানা নাটকীয়তা ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদ থেকে গত বছরের ৩০ ডিসেম্বর বাদ পড়েন সামীম মোহাম্মদ আফজাল। তার বিরুদ্ধে দায়িত্বে থাকাকালীন ৭৯৬ কোটি ৩৯ লাখ ২৩ হাজার টাকার দুর্নীতির অভিযোগে দুদকের মামলা চলছিল। সর্বশেষ গত ৪ ফেব্রুয়ারি সামীম মোহাম্মদ আফজালের দুর্নীতির তদন্তের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা রিট শুনানি ৮ সপ্তাহের জন্য মুলতবি রাখা হয়।
