ভূতুড়ে বিলে জড়িতদের শাস্তি হবে :বিদ্যুত্ বিভাগ

আপডেট : ২৬ জুন ২০২০, ০০:৫১

মহামারিকালে বিদ্যুতের মাত্রাতিরিক্ত বিলে গ্রাহক ভোগান্তি সৃষ্টিকারী কর্মকর্তাদের চিহ্নিত করে সাত দিনের মধ্যে শাস্তি দেওয়ার ঘোষণা দিয়েছে বিদ্যুত্ বিভাগ। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক পর্যালোচনা বৈঠকে এমন সিদ্ধান্ত হয় বলে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

করোনা ভাইরাস মহামারির মধ্যে বাড়ি বাড়ি গিয়ে মিটার না দেখে বিল দিয়েছিল বিদ্যুত্ বিভাগ, তাতে অনেকের বিশাল অঙ্কের বিল দেওয়া হয়। অনুমানের ওপর দেওয়া বিল নিয়ে গ্রাহকদের বিচলিত না হওয়ার আহ্বান জানিয়েছিল বিদ্যুত্ বিভাগ। তবে তা নিয়ে সমালোচনা, ক্ষোভ-বিক্ষোভও চলছে। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুত্ বিভাগের আওতাধীন দপ্তর ও কোম্পানির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পর্যালোচনা সভায় বিষয়টি উঠে আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সভায় সিদ্ধান্ত হয়, আগামী সাত দিনের মধ্যে অতিরিক্ত বিদ্যুত্ বিল প্রদানের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্যুত্ বিভাগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত হয়।

বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে এই বৈঠকে বিতরণ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা দুঃখ প্রকাশ করেন বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিরিক্ত বিদ্যুত্ বিল প্রদানসংক্রান্ত বিষয়টি নিয়ে বিতরণ সংস্থাগুলো আলাদাভাবে গণমাধ্যমে গ্রাহকদের কাছে ব্যাখ্যা করবেন। কোনো অবস্থায় অতিরিক্ত বিল গ্রহণ করা যাবে না। ভার্চুয়াল এই সভায় বিদ্যুত্ সচিব সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান বেলায়েত হোসেন, আইবির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈন উদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন এবং দপ্তর ও কোম্পানিসমূহের ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।