ভারতের শহরগুলোর মধ্যে এতদিন করোনা আক্রান্তের সংখ্যার হিসাবে এক নম্বরে ছিল মুম্বাই। কিন্তু দেশের বানিজ্য রাজধানীকে টপকে গেল দিল্লি। মুম্বাইতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৯ হাজার ২৫৮ জন। আর দিল্লিতে ৭০ হাজার ৩৯০ জন করোনায় আক্রান্ত। এটা ঠিক, দিল্লিতে এখন অনেক বেশি করে করোনার পরীক্ষা হচ্ছে। আগে পরীক্ষা হচ্ছিল মাত্র পাঁচ হাজার করে। সেই সংখ্যাটা তিন গুণের বেশি বেড়েছে। তারপরেও পরীক্ষার সংখ্যায় মুম্বাইকে হারাতে পারেনি দিল্লি। গত সাত দিনে দিল্লিতে গড়ে তিন হাজার ৩২৫ জন করে মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদিকে করোনা মোকাবিলায় আরো এক মাসের জন্য পশ্চিমবঙ্গে লকডাউন বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নবান্নে সর্বদল বৈঠক শেষে এ কথাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে লকডাউন জারি থাকবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে লকডাউনের চলতি মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩০ জুন। —ডয়চেভেলে ও এনডিটিভি
