বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে মানিকগঞ্জ পুলিশ। ফলে জনগণ এলাকায় বসেই পুলিশের সব সেবা পাবে। বৃহস্পতিবার বিকালে মানিকগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বেউথা এলাকায় বিট পুলিশিং এর অফিস উদ্বোধন করেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম পিপিএম। এ সময় পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান সিদ্দীকী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান, পরিদর্শক (তদন্ত) হানিফ সরকারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, জঙ্গি-সন্ত্রাসবাদ, ছিনতাই, চুরি-ডাকাতিসহ সকল ধরনের অপরাধ কার্যকরীভাবে প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে মানিকগঞ্জ জেলার সাতটি থানার দুইটি পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডকে এবং ৬৫টি ইউনিয়নের প্রত্যেকটি ইউনিয়নকে একটি করে বিট হিসেবে গণ্য করে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে।
