স্মারকলিপি দিতে নির্বাচন কমিশনে ঐক্যফ্রন্ট

আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৬:৪৪

৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে যাওয়া একাদশ জাতীয় নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, গ্রেফতারের  অভিযোগ দিতে নির্বাচন কমিশনে উপস্থিত হয়েছেন ঐক্যফ্রন্ট নেতাদের প্রতিনিধি দল। বৃহস্পতিবার নির্বাচন কমিশনারকে (ইসি) স্মারকলিপি দেওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল দলটির।

বেলা ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়েছেন ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন, ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু।

আরো পড়ুন: একটু সুস্থ হতেই মদ খাওয়ার আবদার আইসিইউ’র রোগীর!

এর আগে বুধবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা ও ইসি সচিব হেলাল উদ্দীন আহমদকে স্মারকলিপি দেওয়ার বিষয়টি অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করে ঐক্যফ্রন্ট। জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছিল, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমাহীন অনিয়ম, কারচুপি, গ্রেফতার, ভয়ভীতি দেখানো, আওয়ামী লীগের সন্ত্রাস, প্রার্থীদের আটক ও প্রার্থিতা বাতিলের বিষয়ে নির্বাচনী এলাকাভিত্তিক তথ্য-উপাত্তসহ একটি স্মারকলিপি দাখিলের জন্য জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থীরা একযোগে ৩ জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশনে উপস্থিত হবেন।

ইত্তেফাক/জেডএইচ