বিনোদন রিপোর্ট
চিত্রনায়িকা অপু বিশ্বাস সর্বশেষ অভিনয় করেছিলেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমায়। করোনার কারণে আটকে আছে ছবিটির মুক্তি। এর মধ্যেই জানা গেল, নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছে অপু বিশ্বাস। এবার প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার একটি সিনেমার নায়িকা হচ্ছেন তিনি। যদিও এই প্রতিষ্ঠানের কর্ণধার কিছুদিন আগে একটি টিভি ইন্টারভিউতে বলেছিলেন যে, শাকিব খান তার ব্যানারে ছবি করার জন্য ফোন দিয়েছিলেন। তার সত্যাসত্য জানা না গেলেও দেব-অপু বিশ্বাসের এই জুটির কাজ শুরু হচ্ছে শিগগিরই। নাম ঠিক না হওয়া এই ছবিটিতে কলকাতার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে দেখা মিলবে অপুর। শাপলা মিডিয়ার একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। এরইমধ্যে এই সিনেমা নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে কথাও হয়েছে প্রযোজকের। ছবিটির গল্পও শুনেছেন নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান আমাকে ফোন দিয়ে সিনেমার গল্প শুনিয়েছেন। দেব নিজেই নাকি আমার সঙ্গে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছে। সেলিম ভাই দু-এক দিনের মধ্যে আমাকে চুক্তিবদ্ধ করাতে চান বলে জানিয়েছেন।’
এদিকে শাপলা মিডিয়ার ‘কমান্ডো’ সিনেমায় প্রথম অভিনয় করেন দেব। সিনেমাটির শুটিং শেষ হওয়ার আগেই শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের আরও ১০টি সিনেমায় দেখা যাবে দেবকে। আর এই ১০ সিনেমার একটিতে দেবের বিপরীতে অভিনয় করবেন অপু।
