বৈরী আবহাওয়ায় পাটের উত্পাদন কম হবে
ভ্রাম্যমাণ প্রতিনিধি
বৈরী আবহাওয়ার কারণে চলতি মৌসুমে পশ্চিমাঞ্চলের ছয় জেলায় পাটের উত্পাদন কম হবে। অতিবৃষ্টির জন্য পাট গাছের বৃদ্ধি থেমে গেছে। অনেক চাষি পাটখেত নষ্ট করে ধান চাষ করছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে যশোর জেলায় ২৩ হাজার ৫৬৫ হেক্টরে, ঝিনাইদহ জেলায় ২২ হাজার ৪৫০ হেক্টরে, মাগুরা জেলায় ৩৫ হাজার ৪৭৫ হেক্টরে, কুষ্টিয়া জেলায় ৩৯ হাজার ৫১৭ হেক্টরে, চুয়াডাঙ্গা জেলায় ১৬ হাজার ৫৩০ হেক্টরে ও মেহেরপুর জেলায় ১৯ হাজার ৭০০ হেক্টরে পাট চাষ হয়েছে। বেশি বৃষ্টিপাতের জন্য পাট গাছের বৃদ্ধি থেমে গেছে। কোনো খেতে পাট হাঁটু সমান, আবার কোনো খেতে পাট কোমর সমান হয়ে থেমে গেছে। নাবি চাষ করা পাটের বেশি ক্ষতি হয়েছে। চাষিরা গাছের বৃদ্ধি থেমে যাওয়া পাটখেত নষ্ট করে আউশ ও আমন ধান চাষ করছে। ফলে এসব জেলায় এবার পাটের উত্পাদন কম হবে। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামের পাট চাষি বাচ্চু মোল্লা জানান, প্রতি বছর ১২-১৩ বিঘা জমিতে পাট চাষ করে থাকেন। এবারও ১৩ বিঘা জমিতে চাষ করেছেন। কিন্তু বেশি বৃষ্টি হওয়ায় নিচু জমির পাট গাছের বাড়তি থেমে গেছে। মেহেরপুর সদর উপজেলার তেরঘরিয়া গ্রামের চাষি শামসুল ইসলাম জানান, এবার দুই বিঘা জমিতে পাট চাষ করেছেন। পাটের অবস্থা খারাপ। অতিবৃষ্টির কারণে পাট গাছের বাড়তি থেমে লাল হয়ে যাচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলে অতিরিক্ত পরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, এবার বৃষ্টি বেশি হওয়ায় নিচু জমিতে পানি জমায় পাট গাছের বাড়তি থেমে আছে। ঘূর্ণিঝড় আম্ফানেও পাটের ক্ষতি হয়েছে।
