স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিভাগীয় ও শাখা প্রধানদের সঙ্গে মতবিনিময়ে প্রতিটি ওয়ার্ডের করোনা রোগীদের সহায়তায় স্বেচ্ছাসেবক টিম গঠনের ঘোষণা দিয়েছেন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার নগর ভবনের সিটি হলরুমে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে মেয়র এই ঘোষণা দেন।
মেয়র বলেন, মহানগরীতে করোনায় আক্রান্তদের সহযোগিতায় ৩০টি ওয়ার্ডে স্বেচ্ছাসেবী টিম গঠন করা হচ্ছে। ৩০টি টিম সব সময় সক্রিয় থাকবে, খবর পেলেই আক্রান্ত ব্যক্তির বাড়িতে চলে যাবে। আক্রান্ত ব্যক্তির বাড়ি বাড়ি জরুরি ওষুধ ও খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়াসহ অন্যান্য সহযোগিতা প্রদান করবে।
সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
