খুলনা অফিস
খুলনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রুমিছা বেগম (৩২) নামের এক অন্তঃসত্ত্বা নারী ও নগরীর জাহিদুর রহমান ক্রস রোডের নিজ বাড়িতে শেখ সোহরাব হোসেন (৬০) নামের আরেক জনের মৃত্যু হয়।
খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৬টায় রুমিছাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার দুপুর ২টায় তার মৃত্যু হয়। তার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলা সদরে।
অপরদিকে সোহরাব হোসেনের খালাতো ভাই মনিরুল আলম জানান, সোহরাব হোসেনকে গত ২৪ জুন খুলনা করোনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৫ জুন তাকে বাসায় নিয়ে আসা হয়। শুক্রবার বেলা ১১টার দিকে তিনি নিজ বাসায় মারা যান।
