মেয়েকে কটূক্তির প্রতিবাদ করায় মা-খালাকে কুপিয়ে জখম

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:১৩

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা

রাজাপুর উপজেলার শুক্তাগড় এলাকায় মেয়েকে কটূক্তি করার প্রতিবাদ করায় মা ও খালাকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে আহতদের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহতরা হলেন: উপজেলা পরিষদ চেয়ারম্যান গাড়ির ড্রাইভার শুক্তাগড় এলাকার শহিদুল ইসলামের স্ত্রী নয়ন বেগম ও নয়ন বেগমের বড় বোন কাজল বেগম। তারা রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন রয়েছেন। আহত নয়ন বেগমের স্বামী শহিদুল ইসলাম জানান, প্রতিবেশী আলমগীর হোসেন আমার মেয়েকে অশ্লীল ভাষায় গালাগালি করলে ওর মা নয়ন বেগম এর প্রতিবাদ করে। তখন আলমগীর ও তার স্ত্রী নয়ন বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত আবুল কালাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।