এম এ রকীব
ভাষাসংগ্রামী, ত্যাগ-সততা-আদর্শের রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত, ব্যক্তিগত জীবনে মাওলান ভাসানী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অধ্যাপক মোজাফফর আহমেদ প্রমুখ নেতৃবৃন্দের অত্যন্ত ঘনিষ্ঠ, মুক্তিযুদ্ধে ন্যাপ সিপিবি ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর অন্যতম সংগঠক, কমিউনিস্ট পার্টির গোপন সদস্য, ন্যাশনাল আওয়ামী পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, স্বাধীনতা উত্তর নওগাঁ পৌরসভার নির্বাচিত চেয়ারম্যানসহ অসংখ্য সামাজিক-সাংস্কৃতিক জনহিতকর প্রতিষ্ঠানের অন্যতম প্রতিষ্ঠাতা প্রবীণ জননেতা এম এ রকীব (৯১) আর নেই।
শুক্রবার রাত ১টার দিকে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
এম এ রকীব এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তার বাবা তাহের উদ্দিন পেশায় ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯২৯ সালে ফরিদপুরে তার জন্ম। তিনি ১৯৪৭ সালে নওগাঁ কেডি স্কুল থেকে ম্যাট্রিক ও কলকাতা থেকে পিইউ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কলকাতায় থাকাকালীন রংপুরের মনিকৃষ্ণ সেন তাদের বাড়িতে আসতেন। তিনি বাম চিন্তার প্রতি আকৃষ্ট হন এবং ১৯৪৮ সালের দিকে রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন।
