৩০ বছরের প্রতীক্ষার অবসান

লিভারপুল আবার চ্যাম্পিয়ন

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৪৩

স্পোর্টস ডেস্ক

চেলসির কাছে ম্যানচেস্টার সিটির ২-১ গোলের হার। সিটির হারে মাঠে না নেমেই এবং সাত ম্যাচ হাতে রেখে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ২৩ পয়েন্টের অগ্রগামিতায় দীর্ঘ ৩০ বছরের প্রতীক্ষার অবসান ঘটাল লিভারপুল। প্রত্যাশিতভাবেই জিতল ইংলিশ প্রিমিয়ার লিগ। যে জয় আনন্দে ভাসিয়েছে লিভারপুলকে। এটি তাদের শীর্ষ লিগে ১৯তম শিরোপা। সর্বশেষটি এসেছিল ১৯৮৯-৯০ মৌসুমে।

উপভোগের এই মাহেন্দ্রক্ষণের মূল কাণ্ডারি ফুটবলাররা হলেও কৃতিত্বের অনেকখানি দাবিদার জার্মান কোচ য়ুর্গেন ক্লপ। ২০১৫ সালের ৮ অক্টোবরে তিনি যখন ক্লাবটির হাল ধরেন সেই সময়ে লিভারপুল প্রিমিয়ার লিগে ছিল ১০ নম্বরে। এরপর জার্মানটি গেল মৌসুমে লিভারপুলকে তাদের ষষ্ঠ ইউরোপীয় কাপ জয়ে সাহায্য করেন।

নিজেদের মাঠে আগের দিন ক্রিস্টাল প্যালেসকে ৪-০ হারানোর পরই ক্লপের দল শিরোপার দুয়ারে দাঁড়িয়ে ছিল। এরপর গত বৃহস্পতিবার রাতে গেলবারের চ্যাম্পিয়নদের হারে ইংল্যান্ড চ্যাম্পিয়নও হয় লিভারপুল। অবশ্য গেল দুই মৌসুমেও অল্পের জন্য প্রিমিয়ার লিগ জিততে পারেনি ক্লাবটি। বিশেষ করে গেলবার ক্লপরা কেবল এক পয়েন্টের জন্য শিরোপার স্বাদ নিতে পারেনি।

অধিনায়ক জর্ডান হেন্ডারসন কোচ প্রসঙ্গে বলেছেন, ‘প্রথম দিন থেকেই আমার অনুভব, তিনি যেদিন দরজা পেরিয়ে ভেতরে এলেন, বদলে দিলেন সব কিছুই। আমরা তাকে অনুসরণ করেছি এবং বিশ্বাস রেখেছিলাম। এটা দারুণ এক পরিক্রমা। আমি আশা করছি, সামনে আরো আছে। আমরা স্রেফ ক্ষুধার্ত থাকব, চাওয়াটা অব্যাহত রাখব এবং তাকে অনুসরণ করে যাব।’

ক্লপকে নিয়ে হেন্ডারসন আরো বলেন, ‘সবচেয়ে বড় ব্যাপার হলো যাই ঘটুক না কেন, আমরা সবাই তাকে অনুসরণ করি, বিশ্বাস রাখি। তিনিই আমাদের এ জায়গায় নিয়ে এসেছেন। তাকে ছাড়া এটা সম্ভব হতো না।’

সাম্প্রতিক সাফল্য ধারার অন্যতম কাণ্ডারি মিশরীয় স্ট্রাইকার মোহামেদ সালাহ অবশ্য সমর্থকদের ধন্যবাদ জানান। টুইটারে তিনি বলেন, ‘হ্যাঁ, ব্যাপারটা সেরকম ভালোই মনে হচ্ছে। দুনিয়ার সকল জায়গা থেকে আমাদের যারা দেখছেন আমি আমাদের সেই সমর্থকদের ধন্যবাদ জানাই। আপনারাই আমাদের জন্য এটা সম্ভব করেছেন। আমি আশা করি, আমরা আপনাদের জন্য আরো আনন্দ বয়ে আনতে পারব।’

ইংলিশ প্রিমিয়ার লিগ করায়াত্তের আগে চ্যাম্পিয়ন্স লিগের পাশাপাশি সুপার কাপ ও বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয়ী এই কোচ সাফল্যটির পর আবেগারুদ্ধ হন। স্কাইস্পোর্টসকে তিনি বলেন, ‘আমি ভাষা হারিয়ে ফেলেছি। এটা আমার কল্পনার চাইতেও ভালো কিছু।’ লিভারপুলের জার্সি গায়ে চাপিয়ে জার্মানটি আরো বলেন, ‘এই ক্লাবের সঙ্গে চ্যাম্পিয়ন হতে পারাটা দুর্দান্ত। এটা আমার খেলোয়াড়দের কাছ থেকেও দুর্দান্ত অর্জন এবং তাদেরকে কোচিং করানোটা আমার জন্য নির্জলা এক আনন্দ।’

জয়ের আনন্দে মাতোয়ারা হয়েও তিনি সর্বশেষ শিরোপা জয়ী ক্যানি ডালগ্লিশ ও স্টিভেন জেরার্ডদের অবদানের কথা উল্লেখ করেন। যদিও এই জয়টির পর তার নাম উচ্চারিত হচ্ছে লিভারপুল কিংবদন্তি কোচ বিল শ্যাংকলি, বব পেইসলি ও ডালগ্লিশের সঙ্গে।

অপরদিকে এই ক্লাবের মালিক জন ডব্লিউ হেনরি বলেছেন, লিভারপুল সুন্দর খেলাটিকে আরো সুন্দর করেছে।