রেড ক্যাটাগরিতে সাইফউদ্দিন-বিপ্লব

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৪৫

স্পোর্টস রিপোর্টার

বিসিবি প্রবর্তিত অ্যাপ এ শুরুতেই রেড ক্যাটাগরিতে পড়ে গেছেন উদীয়মান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। যদিও এর পেছনে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা প্রভাব ফেলেছে। করোনা ভাইরাসের কারণে ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ। মার্চ থেকে মাঠের বাইরে ক্রিকেটাররা। বিসিবি কার্যালয়ও স্থবির। করোনাকালে তাই ক্রিকেটারদের ফিট রাখতে ও তাদের স্বাস্থ্য তদারকি করতে কোভিড-১৯ ওয়েলনেস নামের বিশেষ অ্যাপ চালু করেছে বিসিবি। ক্রিকেটাররা ইতিমধ্যে এই অ্যাপে তথ্য দিতে শুরু করেছেন। এতে ক্রিকেটারদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের শারীরিক অবস্থা রেড, অরেঞ্জ ও গ্রিন ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। এই অ্যাপ  ব্যবহারের শুরুতেই জ্বরে ভুগে রেড ক্যাটাগরিতে পড়ে গেছেন উদীয়মান পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। অপরদিকে শ্বাসকষ্টের কারণে একই ক্যাটাগরিতে পড়েছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

বিসিবির ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ম্যানেজার নাসির আহমেদ নাসু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত আমরা দুই জন ক্রিকেটার পেয়েছি। বিপ্লব ও সাইফুদ্দিন রেড ক্যাটাগরিতে। অ্যাপের প্রশ্নের জবাব দেওয়ার পর রেড ক্যাটাগরিতে পড়ে যায় বিপ্লব। তার শ্বাসকষ্ট রয়েছে। পরে জানা গেল তার দীর্ঘদিন ধরে অ্যাজমার সমস্যাও রয়েছে। বিপ্লব কোভিড-১৯ পরীক্ষা করিয়েছে, তবে রিপোর্টে নেগেটিভ এসেছে। অপরদিকে সাইফউদ্দিন জ্বরে ভুগছে। স্বাদ পাচ্ছেন না খাবারে।’

রেড ক্যাটাগরিতে পড়লেও সাইফউদ্দিন-বিপ্লবরা করোনায় আক্রান্ত এমনটা নয়। তবে অন্য যে কারোর চেয়ে বেশি ঝুঁকিতে আছেন তারা। অ্যাপটিতে মোট ১৮টি প্রশ্ন রাখা রয়েছে। ক্রিকেটাররা প্রতিদিন সকালে স্বল্প সময়ের মধ্যেই এতে থাকা প্রশ্নগুলোর উত্তর দিতে পারছেন। ক্রিকেটারদের উত্তরের ভিত্তিতেই তাদের অবস্থান স্পষ্ট হবে বিসিবির কাছে। তখন বিসিবির মেডিক্যাল বিভাগ সম্ভাব্য ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা ক্রিকেটারকে প্রয়োজনীয় চিকিত্সা দেবে। প্রথম ধাপে ৪০ জন ক্রিকেটারকে এই কার্যক্রমে যুক্ত করেছে বিসিবি। পর্যায়ক্রমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের যুক্ত করা হবে।