সোহেল সারোয়ার চঞ্চল
টিভির পর্দায় ইংলিশ ফুটবলের ম্যাচ দেখা যায়। ইউরোপের অন্য লিগগুলোতেও চলছে খেলা। গ্যালারিতে দর্শক দেখা না গেলেও শব্দ ঝংকারে মনে হবে দর্শকপূর্ণ স্টেডিয়ামেই খেলা হচ্ছে। বল পায়ে মেসি, পগবা, মোহাম্মদ সালাহদের ছুটে চলা, কিংবা ৩০ বছর পর লিভারপুলের লিগ চ্যাম্পিয়ন হওয়ার উত্সব দেখে মাসুক মিয়া জনিরও মন উশখুশ করে মাঠে নামার জন্য।
বসুন্ধরা কিংসের এই ফুটবলার জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপ বাছাইয়ে তাজিকিস্তানে আফগানিস্তানের বিপক্ষে নামার আগে অনুশীলনে আহত হয়েছিলেন। অনেক দিন ধরেই মাঠের বাইরে জনি। মন মানছে না অপেক্ষা। বাংলাদেশ দলের ইংলিশ কোচ জেমি ডে রেখেছেন তার প্রাথমিক তালিকায় জনিকে। বিশ্বকাপ বাছাইয়ের খেলা হবে সামনে। ফিফা সূচিও ঘোষণা করেছে। দুই বছরের জন্য নতুন পুনরায় চুক্তি হওয়া জেমি ঢাকায় ফিরলে অনুশীলন শুরু হবে। জেমির ফেরার অপেক্ষায় রয়েছেন মাসুক মিয়া জনি। নিজেকে প্রস্তুত রাখছেন জেমির ছকে থাকবেন। যেভাবে জেমি চাইবেন সেভাবেই যেন নিজেকে মেলে ধরতে পারেন। সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন জনি। লিগামেন্টে গভীর ক্ষত হয়েছিল। ফুটবল থেকে দূরেই থাকতে হবে চিকিত্সকদের নির্দেশ ছিল। গত ২২ সেপ্টেম্বর জনির পায়ে অপারেশন হয়। ৯ মাস পর এখন আগের চেয়ে ভালো হলেও আত্মবিশ্বাস একটা বড় ব্যাপার। সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনি, ‘আমার অবস্থা এখন আগের চেয়েও ভালো। আমি খুব দ্রুতই ম্যাচ খেলতে পারব।’ শুরুতে জনির জন্য আলাদা অনুশীলনের ব্যবস্থা থাকলেও এখন অন্যদের মতোই ফিজিক্যাল ট্রেনিংগুলো করতে হচ্ছে। ‘এখন পুরো দলের সঙ্গে উইথ দ্য বল ট্রেনিং করলে বুঝতে পারব, প্রকৃত অর্থে নিজের অবস্থান কোথায় আছে। আর সেটা দেখেই কোচ সিদ্ধান্ত নেবেন-সংবাদমাধ্যমকে জানিয়েছেন জনি। অস্কার ব্রুজন যেমন খেলোয়াড়ের খোঁজ রাখছেন তেমনি জাতীয় দলের ইংলিশ কোচ জেমি ডেও খোঁজ রাখছেন। কারণ দুই জনেই দলের পজিশনে জনির মতো ডিফেন্সিভ মিডফিল্ডার প্রতিপক্ষের আক্রমণ ভেঙে দেওয়ার মতো মেধা রয়েছে জনির। এই মুহূর্তে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের প্রেসক্রিপশনে অনুশীলনও করছেন মিডফিল্ডার জনি। সেই সঙ্গে চিকিত্সার জন্য ফিফার অর্থ সহযোগিতা জনির এখন আত্মবিশ্বাসের পারদ ওপরে তার। ঘরে বসে জানালায় আকাশে তাকিয়ে দেখা স্বপ্নটা নতুন করে বুনন দিচ্ছেন জনি। একদিকে বসুন্ধরা কিংসের এএফসি কাপের ম্যাচ অন্যদিকে জাতীয় দলের জন্য ফিফার ম্যাচ রয়েছে। মাঠে ফিরতে পারলে জীবনের নতুন ছন্দ খুঁজে পাবেন মাসুক মিয়া জনি।
