লাদেনকে ‘শহিদ’ বলে ব্যাপক সমালোচনার মুখে ইমরান

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৫০

বিবিসি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় সাবেক আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ‘শহিদ’ হিসেবে অভিহিত করেছেন। তার ঐ বক্তব্যের পর পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরানের তীব্র সমালোচনা করেছে। ইসলামাবাদ এবং ওয়াশিংটনের সম্পর্কের অবনতি নিয়ে সংসদে কথা বলার সময় বৃহস্পতিবার ঐ মন্তব্যটি করেন তিনি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি তাদের এক প্রতিবেদনে পাকিস্তানকে ‘আঞ্চলিকভাবে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীর’ জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উল্লেখ করার পর ঐ প্রতিবেদনের বিরুদ্ধে একটি বিবৃতি প্রকাশ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে উল্লেখ করা হয়,‘এই অঞ্চলে আল-কায়েদার শক্তি অনেক কমেছে বলে প্রতি-বেদনে স্বীকার করা হলেও, আল-কায়েদা-কে ধ্বংস করার পেছনে পাকিস্তানের উল্লেখযোগ্য ভূমি-কাকে উপেক্ষা করা হয়েছে প্রতিবেদনে।’ ঐ বিবৃতির প্রেক্ষিতে বৃহস্পতিবার সংসদে ওসামা বিন লাদেনের প্রসঙ্গ তোলেন ইমরান। তিনি বলেন, ‘আমরা যেভাবে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে তাদের (যুক্তরাষ্ট্রকে) সমর্থন দিয়েছি এবং তার বিনিময়ে আমার দেশকে যে পরিমাণ অপমান সহ্য করতে হয়েছে, আমার মনে হয় না সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন দিয়ে কোনো দেশকে কখনো এতটা অপমানিত হতে হয়েছে।’

মার্কিন বাহিনী পাকিস্তানকে না জানিয়ে দেশটির ভেতরে অভিযান চালানোয় ক্ষোভ প্রকাশ করেন ইমরান। তিনি বলেন, ‘তারা অ্যাবোটাবাদে এসে ওসামা বিন লাদেনকে হত্যা করে, শহিদ করে দেয়। আমাদের মিত্র আমাদের অজ্ঞাতে আমাদের দেশের ভেতরে ঢুকে একজনকে মেরে ফেলে এবং আমাদেরকেই জানায় না। এরপর পুরো পৃথিবীর মানুষ আমাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছে। সেই সময় পৃথিবীর যত দেশে পাকিস্তানিরা ছিল, তাদের ভোগান্তি পোহাতে হয়েছে।’

ইমরানের এই বক্তব্যের পর সংসদেই তার সমালোচনা করেন বিরোধী দল পি এম এল এন-এর সিনিয়র নেতা ও দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ। ওসামা বিন লাদেনকে ‘চরম সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘সে (ওসামা বিন লাদেন) আমার দেশকে ধ্বংস করেছে, আর তিনি (ইমরান) তাকে শহিদ বলছেন।’ পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো জারদারী ইমরানের বিরুদ্ধে সহিংস সন্ত্রাসবাদের প্রশংসা করার অভিযোগ তুলেছেন। এদিকে বিশ্বের বিভিন্ন দেশের সংবাদমাধ্যমগুলো ইমরানের ঐ বক্তব্য নিয়ে খবর প্রকাশ করেছে। তবে সবচেয়ে বেশি সমালোচনা করা হয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলোতে।