করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করবে আমিরাত ও ইসরাইল

আপডেট : ২৬ জুন ২০২০, ২১:৫০

দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, করোনা ভাইরাস মহামারি মোকাবিলায় সংযুক্ত আরব আমিরাতকে সহযোগিতা দেবে ইসরাইল। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সহায়তার ঘোষণা দেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নেতানিয়াহু বলেন, এই সহযোগিতার ক্ষেত্র হবে গবেষণা ও উন্নয়ন এবং প্রযুক্তি। এছাড়া যেসব খাত অত্র অঞ্চলের স্বাস্থ্য নিরাপত্তার উন্নতি ঘটাবে। ইসরাইলি প্রধানমন্ত্রী জানান, করোনা ভাইরাস মোকাবিলায় আমিরাতের সঙ্গে একত্রে কাজ করার সরকারি ঘোষণা শিগিগরই আসবে। আমিরাত ও ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী তা ঘোষণা করবেন।

আমিরাত-ইসরাইল দ্বিপক্ষীয় সহযোগিতার এই ঘোষণা এমন সময় আসল যখন দখলকৃত পশ্চিম তীরে দখল আরো সম্প্রসারণে ইসরাইলি পরিকল্পনার বিরোধিতা করছে আরব দেশগুলো। এর আগে গত সপ্তাহে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ বলেছিলেন, ইসরাইলের সঙ্গে কিছু ক্ষেত্রে তারা কাজ করতে পারেন। রাজনৈতিক ভিন্নতা থাকলেও করোনা ভাইরাস মোকাবিলা ও প্রযুক্তি খাতে এই সহযোগিতা হতে পারে।

দক্ষিণ ইসরাইলে একটি সামরিক অনুষ্ঠানে নেতানিয়াহু জানিয়েছিলেন, কয়েক মাস ধরে আমিরাতের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পেয়েছে। উপসাগরীয় অঞ্চলে কোনো আরব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই ইসরাইলের। তবে ইরানের আঞ্চলিক প্রভাবের কারণে অনেক দেশই সীমিত সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছে।

মে মাসে আবুধাবিভিত্তিক ইতিহাদ এয়ার-লাইন্স ইসরাইলে প্রথম স্বীকৃত ফ্লাইট পরিচালনা করে। ফিলিস্তিনিদের জন্য করোনা ভাইরাসসংক্রান্ত ত্রাণসামগ্রী পৌঁছে দেয় ফ্লাইটটি।