চীনকে ঠেকাতে এশিয়ার বিভিন্ন স্থানে সেনা মোতায়েনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। চীনের মনোভাব দেখে ইউরোপ থেকে সেনা সরিয়ে বিশ্বের অন্যত্র সেনা মোতায়েন শুরু করছে ওয়াশিংটন। বৃহস্পতিবার বেলজিয়ামের ব্রাসেলস থেকে এক ভিডিও কনফারেন্সে এই কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। খবর এনডিটিভির
মাইক পম্পেও বলেন, চীনা লিবারেশন আর্মিকে (পিএলএ) ঠেকাতে বিশ্ব জুড়ে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তিনি বলেন, বিশেষ করে এশিয়ার দেশ যেমন :ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনের জন্য চীন বড় ধরনের হুমকি হয়ে উঠছে। পম্পেও বলেন, পিএলএর মোকাবিলায় আমরা সব রকমভাবে প্রস্তুত কি না, সেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে চাইছি। আমরা এই সময়ের বড় চ্যালেঞ্জ নিয়ে ভাবছি। যদিও জানি, পিএলএর মোকাবিলার মতো পর্যাপ্ত ব্যবস্থা নিতে কোনো অসুবিধা হবে না।
পম্পেও আরো জানান, এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ভারত ও মালয়েশিয়াসহ কয়েকটি দেশের নিরাপত্তা চীনা সেনাবাহিনীর আগ্রাসি মনোভাবে বিপদাপন্ন হয়ে পড়ায় ইউরোপে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা কমিয়ে এশিয়ায় তা বাড়ানো হচ্ছে। জার্মানিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা ৫২ হাজার থেকে কমিয়ে ২৫ হাজার করা হচ্ছে। বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই বিশ্বের নানা প্রান্তে মোতায়েন মার্কিন সেনার নতুন বিন্যাস করা হচ্ছে বলে জানিয়েছেন পম্পেও। যদিও সমালোচনা আছে যে, ইউরোপে সেনা কমালে রাশিয়া সেখানে হুমকি হয়ে দেখা দিতে পারে। কিন্তু পম্পেও সেই মতের সঙ্গে একমত নন।
