বিশেষ প্রতিনিধি
রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় গ্যাসলাইনে আগুন লাগার পর তিন ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্র্রণে আনে ফায়ার সার্ভিস। ঐ এলাকার ইকবাল রোডে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পয়োনিষ্কাশন নালার উন্নয়ন কাজ চলছে। সেখানেই এক জায়গায় তিতাসের গ্যাসের লাইনে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে হঠাত্ আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, তাদের দুটি ইউনিট খবর পেয়ে সেখানে গিয়ে কাজ শুরু করে। সকাল পৌনে ৮টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে লিমা খানম বলেন, ফেলে দেওয়া সিগারেট থেকে সেখানে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
