সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকান উচ্ছেদ করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার এই উচ্ছেদ অভিযান চলে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ফারুক জানান, মহাসড়কের পাশের ফুটপাথ ও মার্কেটের সামনে সরকারি জায়গা দখল করে যেসব দোকান গড়ে তোলা হয়েছে তা অবৈধ। এসব দোকান যান ও পথচারী চলাচলে বাধা বিঘ্ন সৃষ্টি করে বিধায় তা উচ্ছেদ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, স্থানীয় জনপ্রতিনিধিসহ কিছু প্রভাবশালী চক্র এসব দোকান থেকে দৈনিক ভাড়া হিসেবে ২ থেকে ৩০০ টাকা পর্যন্ত আদায় করেন। দোকান ব্যবসায়ীদের ঐ চক্রকে দোকান প্রতি ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা পর্যন্ত অগ্রিম দিতে হয়েছে। প্রতি বছরই কয়েকবার এসব দোকান উচ্ছেদ করা হলেও কিছুদিন পরে আবার বসে যায়।
