জুরাইনে কলেজছাত্রের আত্মহত্যা
বিশেষ প্রতিনিধি
রাজধানীর উত্তরায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে শামসুল আলম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত শামসুল পেশায় লেগুনাচালক ছিলেন। গতকাল শুক্রবার সকালে উত্তরার সেক্টর-৭ এলাকায় আম পাড়ার সময় গাছ থেকে পড়ে যান শামসুল। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। শামসুল কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।
অপরদিকে শ্যামপুর থানার পশ্চিম জুরাইনে তাসকির আহমেদ সিয়াম নামে এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সিয়ামের বাবা নিজাম উদ্দিন জানান, সকালে নাস্তা খেয়ে বাসার একটি রুমে দরজা আটকে দেয় সিয়াম। পরে কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি সে গলায় ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, তাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। বর্তমানে শ্যামপুরের পশ্চিম জুরাইন আইজিগেট এলাকায় পরিবার নিয়ে থাকতেন। সিয়াম একটি কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্র।
