বিশেষ প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তৌহিদুল ইসলাম নামে আরো এক পুলিশ সদস্য মারা গেছেন। এ নিয়ে করোনায় প্রাণ হারালেন ৩৭ পুলিশ। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয় তৌহিদুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে কর্মরত ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি বৃহস্পতিবার রাতে মারা গেছেন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, করোনা থেকে জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। আক্রান্ত অনেকেই সুস্থ হয়েছেন। তবে করোনায় ৩৭ পুলিশ মারা গেছেন। বাহিনীটির মোট আক্রান্ত সদস্য সংখ্যা ৯ হাজার ৫৭৮ জন। তার মধ্যে সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৩০ জন।
