করোনা আক্রান্ত দেশগুলোকে আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক্ষেত্রে ১০ লাখ ডলার (সাড়ে আট কোটি টাকা) পাবে। ফিফা তার সদস্যদেশগুলোর আর্থিক সহযোগিতার কথা গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিকভাবে কোনো খবর পায়নি বলে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, বিজ্ঞপ্তিতে তারাও জানতে পেরেছেন অনুদানের বিষয়টি। কোডিভ-১৯ এর জন্য গঠিত ত্রাণ তহবিল হতে দুই ভাগে পাঁচ লাখ করে ১০ লাখ ডলার দেবে। আনুষ্ঠানিকভাবে চিঠি না পাওয়া পর্যন্ত বাফুফে নিশ্চিত করে সবাইকে জানাতে পারছে না মন্তব্য করেন সোহাগ। তিনি বলেন, আমরা ফিফার সঙ্গে যোগাযোগ করবো। তখনই আনুষ্ঠানিকভাবে বলতে পারবো। এই অর্থ ছাড়াও ফিফা হতে নারী ফুটবলের জন্য আলাদা করে অনুদান পাওয়া যেতে পারে। হয়তো ৫ লাখ ডলার দিতে পারে ফিফা। সেটি শোনা গেলেও নিশ্চিত হয়নি এখনো।
