করোনা পরিস্থিতির সুযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক ছাঁটাই, বিনা বেতনে বাধ্যতামূলক ছুটি ও বেআইনিভাবে বেতন হ্রাসের পাঁয়তারা চালাচ্ছে কয়েকটি প্রতিষ্ঠান। কোনো ধরনের ঘোষণা ছাড়াই কয়েকটি পত্রিকার প্রিন্ট ভার্সন বন্ধ করে দেওয়া হয়েছে। কিছু প্রতিষ্ঠানে গণছাঁটাই চলছে, কিছু পত্রিকায় বেতন হ্রাসসহ ছাঁটাই, বাধ্যতামূলক ছুটির পাঁয়তারা চলছে।
সংবাদমাধ্যমে এমন নৈরাজ্যকর পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, জীবিকা ধ্বংসের এ হীন ষড়যন্ত্র মূলত সমাজের অস্থিরতা তৈরির অপকৌশল। শিল্পে ও সমাজে অস্থিরতা তৈরির দায় মালিককেই নিতে হবে। জীবিকা রক্ষার প্রয়োজনে রক্ত দিয়ে হলেও দাবি আদায়ে আরো কঠিন শপথ নিয়ে রাজপথে নামবে সাংবাদিকরা।
ডিইউজে নেতৃবৃন্দ মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের চাকরি সুরক্ষাসহ গণমাধ্যম শিল্প রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। অবিলম্বে সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি জানান নেতারা।—প্রেস বিজ্ঞপ্তি।
