ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান সারাবিশ্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিধিনিষেধ শিথিল করায় দ্বিতীয় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে, এমন ১০টি দেশের তালিকা তৈরি করেছে। এই তালিকায় শীর্ষ পাঁচে বাংলাদেশের নাম উঠে এসেছে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ট্র্যাকিং অ্যাপের মাধ্যমে পাওয়া উপাত্ত বিশ্লেষণ করে ঐ ১০ দেশকে চিহ্নিত করেছে গার্ডিয়ান। এ তালিকায় আরো আছে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড, ফ্রান্স, সুইডেন, ইরান, ইন্দোনেশিয়া ও সৌদি আরব। তালিকার শীর্ষে রয়েছে জার্মানি, ইউক্রেন, যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ড। এর পরেই রয়েছে বাংলাদেশের নাম। ২৫ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এমন ৪৫টি দেশের আগের সপ্তাহের তুলনায় পরের সপ্তাহে করোনা সংক্রমণের ভিত্তিতে তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব দেশের মধ্যে অন্তত ২১টিতে লকডাউনে শিথিল করার পর করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এতে আরো বলা হয়েছে, তালিকার শীর্ষে থাকা এই ১০টি দেশ এখন করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহ বৃদ্ধির মুখোমুখি। সংক্রমণ নিয়ন্ত্রণে এসব দেশে তেমন কোনো কঠোর পদক্ষেপ নেই। অথবা লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হলেও তা শিথিল করা হয়েছে।
এতে আরো বলা হয়েছে, লকডাউন শিথিলের পর এসব দেশে এক সপ্তাহের তুলনায় পরবর্তী সপ্তাহে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। শীর্ষে থাকা ইউরোপের দেশ জার্মানিতে গত সপ্তাহের তুলনায় সংক্রমণ বেড়েছে ৩৬ দশমিক ৭ শতাংশ। এর পরই ৩৯ হাজার ১৪ জন রোগী নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইউক্রেন। সবচেয়ে বিপর্যয়ের মুখে থাকা যুক্তরাষ্ট্রের অবস্থান তৃতীয় স্থানে। গত সপ্তাহের তুলনায় দেশটিতে সংক্রমণ বেড়েছে ২৪ দশমিক ৬ শতাংশ। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ সুইজারল্যান্ড। দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে করোনা রোগী বেড়েছে ১৫ দশমিক ১ শতাংশ। এর পরই পঞ্চম স্থানে আছে বাংলাদেশ। গত সপ্তাহের তুলনায় বাংলাদেশে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে ১২ দশমিক ৯ শতাংশ। অক্সফোর্ডের করোনা ভাইরাস ট্র্যাকারের তথ্য অনুযায়ী, কোনো দেশের মহামারি মোকাবিলায় কঠোর পদক্ষেপ শিথিল করা হলে সেদেশের স্কোর ১০০ মধ্যে ৭০ এর নিচে।
