করোনা অঙ্গ-প্রত্যঙ্গেরও ক্ষতি করে, দাবি চিকিত্সকদের

আপডেট : ২৭ জুন ২০২০, ০০:৪৩

প্রাণঘাতী করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগে কোনো ব্যক্তির শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে। নানা অঙ্গ-প্রত্যঙ্গে এর প্রভাব পড়তে পারে। এ নিয়ে গবেষণা চলছে। চিকিত্সক এবং সংক্রামক রোগ বিশেষজ্ঞরা বলছেন, তারা কেবল এই রোগের নেতিবাচক প্রভাবগুলো বুঝতে শুরু করেছেন। চিকিত্সা বিজ্ঞানীরা বলছেন, কেবল শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যাই কোভিড-১৯ সৃষ্টি করে না। অনেক অঙ্গ-প্রত্যঙ্গও এই রোগে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। কিছু ক্ষেত্রে এটা শরীরে বিপর্যয় সৃষ্টি করতে পারে।

ক্যালিফোর্নিয়ার লা জোল্লা ভিত্তিক স্ক্রিপস রিসার্স ট্র্যানজেশনাল ইনস্টিটিউটের পরিচালক ও হূদরোগ বিশেষজ্ঞ ড. এরিক টপোল বলেন, প্রথমে আমরা ধারণা করেছিলাম, এটা কেবল শ্বাস-প্রশ্বাসের সমস্যাই সৃষ্টি করে। এখন অগ্ন্যাশয়, হার্ট, ফুসফুস, মস্তিষ্ক এবং কিডনিসহ অন্যান্য অঙ্গেরও ক্ষতিসাধনের তথ্য পাচ্ছি। প্রথম দিকে আমরা এগুলো জানতেই পারিনি। এছাড়া করোনা ভাইরাসে রক্ত জমাট বেধে মস্তিষ্কে রক্তক্ষরণের ঘটনা ঘটাতে পারে। শরীরের বিভিন্ন অঙ্গে তীব্র যন্ত্রণা তৈরি করতে পারে। এই ভাইরাসে স্নায়বিক বিভিন্ন সমস্যা তৈরি করতে পারে। যেমন মাথা ব্যথা, মাথা ঘোরা এবং স্বাদ ও গন্ধের পরিবর্তন ঘটাতে পারে।

শিকাগোর নর্থওয়েস্টার্ন মেডিসিনের হূদরোগ বিশেষজ্ঞ ড. সাদিয়া খান বলেন, কোভিড-১৯ রোগে যারা বেঁচে যাবেন তাদের জন্য স্বাস্থ্যের ব্যয় অনেক বেড়ে যাবে এবং সেই ব্যয়ভার একজন মানুষের জন্য বহন করা কঠিন হবে। খবর রয়টার্স।