লক্ষ্মীপুরের রামগতিতে নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে। নতুন আক্রান্ত এই ৪ জন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে।
আক্রান্তদের মধ্যে রয়েছেন, রামগতি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর ডাক্তার এলাকার দুইজন বাসিন্দা। উপজেলার চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকার একজন। তারা একটি বেসরকারি সংস্থায় কর্মরত। অপরজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রহিম জানান, গত ২৪ ঘণ্টায় রামগতি উপজেলার ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের জ্বর-সর্দি-কাশিসহ বিভিন্ন উপসর্গ থাকায় তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষায় তাদের করোনা পজিটিভ আসে।
আক্রান্তদের নিজ নিজ বাসস্থানে হোম কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া তাদের সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে।
তিনি আরও জানান, নতুন আক্রান্ত এই ৪ জন নিয়ে রামগতিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জনে। এর আগে একজন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও, দুইজন উপ-সহকারী মেডিক্যাল অফিসার, একজন ইন্টার্ন ডাক্তার, জরুরী বিভাগের সহকারী, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব), তিনজন স্বাস্থ্যকর্মী, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ৪জন কর্মকর্তা-কর্মচারী, রামগতি থানার একজন এসআই. দুইজন পুলিশ কনস্টেবলসহ ৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের মধ্যে একজন স্কুল শিক্ষক মারা গেছেন, ২ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, ৩৯ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন এবং ১৯ জন সুস্থ হয়েছেন।
ইত্তেফাক/এমআর
