নতুন আশার আলো নিয়ে
সূর্য দিলো উঁকি,
এসো তরুণ, নবীন কিশোর
আঁধারগুলো রুখি।
স্নিগ্ধ ভোরের ফুলের হাওয়ার
গন্ধ নাকে শুঁকি,
জরাজীর্ণ অতীত মুছে
ঋণ দেবো সব চুকি’।
মুঠোভরে স্বপ্ন নিয়ে
গড়বো জীবন সুখী,
সাম্য, প্রীতির ভুবনতলে
কেউ রবে না দুঃখী।
মুক্ত ডানায় উড়বে পাখি
নেই সে পড়ার ঝুঁকি,
ফুলের মাঝে বিষ ভোমরা
থাকবে না আর লুকি’।
বাবা ফেরার পথের পানে
কাঁদবে না আর খুকি,
নতুন দিনের শপথ হোক আজ
সত্য অভিমুখী।
